বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন ও ত্বকী হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সুপ্রীম কোর্টের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি আজ (বুধবার) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বার ভবনে বিচারক ও আইনজীবিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ ও কক্সবাজারের মেজর সিনহা হত্যা মামলা যেভাবে দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয়েছে, একইভাবে গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন ও ত্বকী হত্যা মামলা দুটি ত্বরান্বিত করার ব্যাপারে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দিয়ে পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি। মামলা দুটির ব্যাপারে অচিরেই ভালো ফলাফলের আশ্বাস দিয়ে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ভুক্তভোগিদের পরিবার যাতে ন্যায়বিচার পান এবং নিরপরাধ কেউ যাতে হয়রানি না হন সেদিকে লক্ষ্য রেখে যথাযথভাবে তদন্ত ও বিচার প্রক্রিয়া পরিচালনা করা হবে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলো দ্রুত নিস্পত্তির জন্য প্রায়োরিটি বেসিসে তদন্ত সম্পন্ন করা এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করা। সেই প্রয়োরিটি ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। নিহতের পরিবার মামলার বাদি না হওয়া এবং মিথ্যা মামলার হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমরা যথাযথভাবে তদন্ত করছি। আমরা জাতিকে আশ্বস্ত করছি ভিকটিমের পরিবার যাতে ন্যায় বিচার পায় এবং কেউ যাতে মিথ্যা মামলায় ভুক্তভোগী না হয় এজন্য আইন মন্ত্রনালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধনী প্রস্তাবনা করা হয়েছে। যাতে অন্তর্বর্তীকালিন অবস্থায় একটি ফাইনাল রিপোর্ট দেয়া যায়। তদন্তের মাঝখানে যেয়ে কোন কোন আসামীর বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দেয়া যেতে পারে যাদের বিরুদ্ধে এপারেন্টলি মনে হবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।
এছাড়া দীর্ঘদিনের চলমান মামলাগুলো অন্তর্বর্তীকালীন অবস্থায় দ্রুত নিষ্পত্তির ব্যাপারে আইন মন্ত্রনালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধিত প্রস্তাব করার কথাও জানান সুপ্রীম কোর্টের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদের সভাপতি আরো উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলাম, জেলা আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারীি ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট খোরশেদ মোল্লা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ আরো অনেকে।

