বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই পুলিশকে ধাক্কা মেরে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে দুই অস্ত্রধারী পালিয়ে গেছে। সোমবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সাইনবোর্ড এলাকার চেকপোষ্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফতুল্লা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বন্ধু পরিবহনের একটি গাড়িতে তল্লাশি চালানোকালে দুই সন্ত্রাসী দুই কনস্টেবলকে ধাক্কা দিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, এসময় এসআই আশরাফ সঙ্গীয় ফোর্সসহ তাদের চ্যালেঞ্জ করলে তারা তিন রাউন্ড ফাঁকা গুলি করে হাজী আব্দুর রাজ্জাক কলেজেরে গলিতে ঢুকে যায়।
কামাল উদ্দিন জানান, ওই এলাকার সিসি টিভির ফুটেজ দেখে সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও সন্ত্রাসীদের আটকে একাধিক টীম মাঠে কাজ করছে। চেকপোষ্ট এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এদিকে পার্শ্ববর্তী এলাকার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেখানে দুই সন্ত্রাসীকে পালিয়ে যেতে দেখা যাচ্ছে। পুলিশ এসব ফুটেজ দেখে সন্ত্রাসীদের গতিবিধি পর্যালোচনা ও তাদের সন্ধান খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

