বিজয় বার্তা ২৪ ডট কম
সন্ত্রাস ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন জেলা পুলিশ সুপার(এসপি) মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অবস্থান থাকবে ‘জিরো টলারেন্স’। আগামী এক মাসের মধ্যে এর দৃশ্যমান উন্নয়ন নাগরিকেরা দেখতে পারবেন। যদিও কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, তবে চেষ্টার ক্ষেত্রে শতভাগ আন্তরিকতা থাকবে। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন।
বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপার তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকেরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যা সমাধানে পুলিশের আন্তরিকতা কামনা করেন।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, নিত্য অসহনীয় যানজট নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রকাশ্যে মাদক কেনাবেচা হচ্ছে। ভোর ও রাতের বেলায় বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। এসব সমস্যা সমাধানে পুলিশের আরও জোরালো ভূমিকা প্রয়োজন।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ বলেন, পেশাদারত্ব বজায় রেখে সাংবাদিকেরা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবে সেই প্রত্যাশা করছি।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসনিম আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইশরাত জাহান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আহসান সাদিক, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, সদস্য আবদুস সালাম, মজিবুল হক, হাবিবুর রহমান, সাবিত আল হাসান, আফসানা মুন, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমি, এখন টিভির এমরান আলী, দীপ্ত টিভির গৌতম সাহা, মোহাম্মদ নেয়ামত উল্লাহসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী সভায় অংশ নেন।

