বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ১৫ দিন ব্যাপী ফল ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর চাষাঢ়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা বন বিভাগ ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ বলেন, রাঙ্গামাটিতে সম্পতি পাহাড় ধসে ১৭২ জনের মৃত্যু ও সারা দেশে বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির জন্য গাছ রক্ষা না করাই এর মূল কারন। তিনি বলেন, পাহাড়ের গাছ কেটে ফেলার কারনে পাহাড় ধসে পড়ে নদী ভরাট হয়ে যাচ্ছে। পাশাপাশি অক্সিজেনের পরিমান কমে গিয়ে কার্বনডাই অক্সাইডের পরিমান বৃদ্ধি পাচ্ছে। ফলে এই প্রাকৃতিক দূর্যোগ দেখা দিচ্ছে। এ অবস্থা রোধ করতে তিনি সবাইকে বেশি করে গাছ রোপন করার পরামর্শ দেন।
জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো: আবদুল মুঈদ, জেলা পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্বাস উদ্দিন।
মেলায় বিভিন্ন প্রজাতির ওষধি, ফুল ও ফলের গাছসহ নানা ধরণের দেশীয় ফল প্রদর্শন করা হয়। ৩৩ টি স্টল নিয়ে আয়োজিত এ মেলা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।
