বিজয় বার্তা ২৪ ডট কম
চলছে লঞ্চ মালিক সমিতির ডাকা লঞ্চ পরিবহন ধর্মঘট কর্মসূচি। যার ফলে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘটে বুধবার দিনভর সারা দেশে কার্যত যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে চলাচল করা লঞ্চগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়নি। দৌড় পাল্লার লঞ্চ চলাচল বন্ধ থাকলেও কাছাকাছি পর্যায়ের কিছু লঞ্চ চলাচল করতে দেখা গেছে।
জানা যায়, প্রথমে নৌযান শ্রমিক ফেডারেশন বুধবার থেকে তাদের ১১ দফা দাবি আদায়ের জন্য লাগাতার কর্মবিরতি শুরু করে। তবে এদিন বিকেল থেকে সিদ্ধান্ত হয়, যাত্রীদের কথা চিন্তা করে তারা যাত্রীবাহী লঞ্চ কর্মবিরতির আওতামুক্ত করেছেন। কিন্তু পরবর্তীতে রাতে লঞ্চ মালিক সমিতি আকস্মিক লঞ্চ পরিচালনা বন্ধের ঘোষণা দেয়।
এদিকে, দ্বিতীয় দিনের মতো লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। বিকল্প পদ্ধতিতে বাড়তি ভাড়া গুণে তাদের যেতে হচ্ছে গন্তব্যে।

