বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন নকশাবহির্ভূত ও অনুমোদনহীন ৮টি ভবনে উচ্ছেদ অভিযান করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এতে ২ লাখ টাকা জরিমানাসহ বর্ধিত অংশ ভেঙ্গে ফেলা হয়। সতর্ক করা হয় ভবন মালিকদের।
সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে উপজেলার তারাবো পৌরসভার রুপসী এলাকা থেকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। অভিযান বিকেল ৪ট পর্যন্ত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে।
রাজউকের নারায়ণগঞ্জ জোন-৬/৩ এর ব্যবস্থাপনায় অভিযানকালে উপস্থিত ছিলেন রাজউকের অথরাইজড কর্মকর্তা জান্নাতুল মাওয়া, সুরোত আলি রাসেল, ইমারত পরিদর্শক মোঃ আব্দুর রহিম সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশ নেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার জানান, ড্যাব অন্তর্ভূক্ত সকল সিটি কর্পোরেশন ও পৌরসভায় রাজউকের অনুমোদন ছাড়া কোন আবাসিক বা বাণিজ্যিক ভবন করা আইন বহিঃভূত। কিন্ত তারাবো পৌরসভার প্রায় সকল এলাকায় নাগরিক সুবিধা খর্ব করে ভবন নির্মাণের কাজ চলছে। এসব কারণে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৬টি নির্মানাধীন আবাসিক ভবন, একটি হাসপাতাল ও এক শিল্প প্রতিষ্ঠানের ভবনে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে এই শাস্তি প্রদান করা হয়েছে। ভবিষ্যতে নিয়মবহির্ভূতভাবে আবারো কাজ শুরু করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।

