নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহর থেকে দেলোয়ার হোসেন (৪৬) নামে এক গাড়ি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টরের একটি প্লট থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এসময় মরদেহের পাশ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে৷
নিহত দেলোয়ার হোসেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চারিতলা এলাকার মৃত আবু সাঈদের ছেলে। পেশায় তিনি একজন গাড়ি চালক।
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, সকালে পূর্বাচল ১ নম্বর সেক্টরের একটি প্লটের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। দুপুরে আমরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া মরদেহের বিভিন্ন স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ কিছুটা বিকৃত হয়ে গেছে। ধারনা করা হচ্ছে অন্তত ৩৬ ঘন্টা আগে তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহের কিছুটা দূরের একটি প্লট থেকে একটি রক্তমাখা ছোরা উদ্ধার করা হয়েছে। নিহতের প্যান্টের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসলে এই ঘটনায় মামলা নেয়া হবে।
নিহতের চাচাতো ভাই সুমন তালুকদার মোবাইল ফোনে জানান, দেলোয়ার পেশায় একজন গাড়ি চালক। তাঁকে হত্যার কারণ এখনো পরিবারের লোকজন বলতে পারছে না। নিহতের লাশ বুঝে নেয়ার জন্য তারা রূপগঞ্জ থানায় যাচ্ছেন।

