বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় অননুমোদিত ৫ টি আবাসিক ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় রাজউকের অনুমোদন না থাকায় ৪টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও মোঃ ইউসুফ আলী নামের এক ব্যাবসায়ির অননুমোদিত ৬ তলা ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় নির্মাণাধীন ইউনিটগুলো ভেঙে দেয়া হয়। ভবনটির দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত ফ্লোর গুলোতে ভাড়াটিয়া ছিলো। বিদ্যুৎ বিচ্ছিন্নের পাশাপাশি নির্মাণ কাজ স্থগিতেরও আদেশ দেয়া হয়। এসময় মালিক না থাকায় জরিমানা করা হয়নি বলে জানান রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেলায়েত হোসেন।
আজ বুধবার বেলা ১১টা থেকে শুরু হওয়া রাজউকের এই অভিযানটি চলে দুপুর পর্যন্ত। এসময় উপস্থিত ছিলেন রাজউকের (জোন-৬/৩) অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া সহকারী অথরাইজড অফিসার মোঃ সুরোত আলী রাসেল, প্রধান ইমারত পরিদর্শক সৈয়দ মাসুম বিল্লাহ, পরিদর্শক মোঃ শামীম রেজা ও জেলা পুলিশের সদস্যরা।
রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ রুপগঞ্জের বরপা এলাকায় রাজউকের অনুমোদন বিহিন নির্মাণাধীন পাঁচটি ভবনে অভিযান পরিচালনা করা হয়। এসময় পৌরসভার অনুমোদন থাকলেও রাজউকের কোন অনুমোদন দেখাতে পারেনি কেউ। যার কারণে চারটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এবং একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ ৫ম ও ৬ষ্ঠ তলার নির্মাণাধীন ইউনিট গুলো ভেঙে দেওয়া হয়।

