বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রুপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যাক্তি নিহত ও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বিকেলে শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর ওপরে এই দূর্ঘটনাটি ঘটে। এতে মটর সাইকেল চালক মোঃ জাহাঙ্গীর আলম নিহত হয়। এসময় তার সাথে থাকা দুজন আরোহি আহত হয়। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম জামালপুর জেলার সরিষাবাড়ি থানার দোয়াইল এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ ট্রাফিক পরিদর্শক আবু নাঈম।
আবু নাঈম জানান, শনিবার বিকেলে জাহাঙ্গীর আলমসহ তিন ব্যাক্তি মটরসাইকেলে করে নারায়ণগঞ্জের রুপগঞ্জের তারাব থেকে ডেমরা যাওয়ার সময় সুলতানা কামাল সেতুর উপরে পৌছালে পেছন থেকে গাউছিয়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এসময় তারা ছিটকে গিয়ে সেতুর রেলিংয়ের সাথে আঘাতপ্রাপ্ত হয়। এতে করে মটরসাইকেল চালক জাহাঙ্গীর ঘটনাস্থলে নিহত হয়। এসময় আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়। পরে ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয়। এঘটনায় ঘাতক বাসটিকে (ঢাকা মেট্রো-ব ১৫-৮৩৯৯) আটক করা গেলেও পালিয়ে যায় এর চালক ও হেলপার। পাশাপাশি দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিও জব্দ (ঢাকা মেট্রো-৯-৬১-০২০৯) করা হয়েছে।

