বিজয় বার্তা ২৪ ডট কম
কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিন সন্তানের জননী। রাস্তায় গলায় চাপাতি ও ছুরি ধরে দুই যুবক নিয়ে যায় কলাবাগানে। এরপর চালায় পালাক্রমে ধর্ষণ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রূপগঞ্জে গোলাকান্দাইলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার ভোর রাতে অভিযুক্ত ওই দুই ধর্ষককে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার ইমান উল্লাহ মীরের ছেলে ইমরান (২৮) ও পূর্বপাড়া এলাকার মৃত রমজানের ছেলে মো. সবুজ (২৩)।
নির্যাতনের শিকার গার্মেন্টস কর্মী জানান, গলায় চাপাতি ও ছুরি ধরে গ্যারাজের পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পড়ে থাকতে দেখে পথচারী দুই মহিলা তাকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়।
এটিএসআই রাশেদ ও তাজুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রাত সাড়ে ৩টায় গোলাকান্দাইল মাজহারুল ইসলামের বাড়ির পাশ থেকে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। এরা এলাকার বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে।
এ ঘটনায় ভুলতা ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল আলম জানান, নির্যাতনের শিকার ওই নারীর মেডিকেল করা হয়েছে। অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

