বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে বুধবার মানব কল্যণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়াকে মাদক বিরোধী কাজের স্বীকৃতি স্বরূপ আবারও জেলার শ্রেষ্ঠ সংগঠকের সম্মাননা স্মারক প্রদান করেছেন।
বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় থেকে মাদকবিরোধী র্যালী বের হয়ে লিংক রোড থেকে জেলা পুলিশ সুপারের কার্যালয় গিয়ে সার্কিট হাউজে র্যালীর সমাপ্তি ঘটে। র্যালীর পরেই সার্কিট হাউজে এক আলোচনা সভার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল হামিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার। প্রধান অতিথি বলেন নারায়ণগঞ্জ একটি মাদক প্রবণ এলাকা। সারাদেশের ন্যায় এখানেও মাদকের ভয়াবহতা বাড়ছে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে সচেতনতা বৃদ্ধি করে মাদকের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা জেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি। বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মতিয়ার রহমান বলেন মাদকের বিরুদ্ধে আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট কাজ করছে। নারায়ণগঞ্জের মাদক বিক্রেতা ও সেবীদের নামের তালিকা তৈরী করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী আমাদের বিশেষ নিয়মিত অভিযান চলছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইকবাল বাহার চৌধুরী বলেন মাদক থেকে দুরে থাকতে হলে পরিবারের ভূমিকা অপরিহার্য। আমাদের সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে। মাদক মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক বলেন নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করতে এবং মাদক নির্মূলে আমরা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি। সঠিক তথ্য উপাত্ত পেলে আমরা মাদক বিক্রেতা ও সেবীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। বাংলাদেশ এজিওস নেটওয়ার্ক চেয়ারম্যান এস এম আরিফ মিহির এর সঞ্চালনায় পবিত্র কোরআন পাঠ করেন এস আই আব্দুস সালাম। অনুষ্ঠানে মাদকবিরোধী কাজ করতে গিয়ে মাদক সন্ত্রাসী দ্বারা হামলা ও মিথ্যা মামলায় হয়রানীর শিকার হয়ে সমাজকর্মী এম এ মান্নান ভূঁইয়া জীবন বাজি রেখে বীরদর্পে মাদকবিরোধী সামাজিক আন্দোলন চালিয়ে যাওয়ায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জেলার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা স্মারক তার হাতে তুলে দেন। সম্মাননা স্মারক পেয়ে মান্নান ভূঁইয়া তার অনুভূতিতে বলেন আল্লাহর অশেষ রহমত ও মা-বাবার দোয়া সহ মানুষের ভালোবাসায় আজ আমি সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হয়েও জীবিত আছি। আর আমাকে এই সম্মানে ভূষিত করায় আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য যে, সমাজকর্মী মান্নান ভূঁইয়া গত বছরও মাদকবিরোধী কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার লাভ করেছিলেন। অনুষ্ঠানে সকালে মানব কল্যাণ পরিষদ পাঠানটুলী এলাকা থেকে র্যালী বের করে জেলা প্রশাসক কার্যালয়ে মূল র্যালীতে অংশগ্রহণ করেন। র্যালীটি অংশগ্রহণ করেন মানব কল্যাণ পরিষদের অর্থ সচিব মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দপ্তর সচিব জি এম মোস্তফা, পাঠাগার সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, সক্রিয় সদস্য নুর মোহাম্মদ বাবু, এস এম বিজয়, সুমি আক্তার, জেবু আক্তার, নিঝুম, তন্নি, শাকিলা, সেজুথি, উর্মি, রিমা, সুমাইয়া, কবি জান্নাতুল ফেরদৌস, সামিয়া, রেশমি সহ অন্যান্যরা।
