বিজয় বার্তা ২৪ ডট কম
বিজয় দিবস উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আবু হাসান টিপু দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশ যে বিজয় অর্জন করেছিল শাসকশ্রেনী সেই বিজয়ের সুফল গত ৪৬ বছর বারবার ছিনিয়ে নিয়েছে; ফলে জনগণ সে বিজয়ের প্রকৃত সাধ ভোগ করতে পারেনি। সাম্যভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশের পরিবর্তে শাসকশ্রেণী ও তাদের সরকারসমূহ শোষণ, বঞ্চনা ও নিপীড়নমূলক এক অমানবিক রাষ্ট্র ও সমাজ কায়েম করেছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এখানকার সরকারসমূহ মুক্তিযুদ্ধের মৌল চেতনার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। তাদের এই অপরাজনীতি আর অপশাসনের কারণেই সাম্প্রদায়িকতা আজ নতুন ভাবে শিকড় গেড়ে বসার ঔদ্ধত্য দেখাচ্ছে। তিনি বলেন মুক্তিযুদ্ধের স্বপ্ন-চেতনা বাস্তবায়নে মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্বে দেশবাসীকেই এগিয়ে আসতে হবে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড মাহমুদ হোসেনের নেতৃত্বে চাষাঢ়াস্থ বিজয় স্থম্ভে সকাল ১০টায় পুস্পস্তবক অর্পণ ও নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে মিছিল পরবর্তী সমাবেশে আবু হাসান টিপু এসব কথা বলেন।
আবু হাসান টিপু আরও বলেন, দেশের সর্বশেষ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে মহাজোট সরকার দেশে রাম রাজত্ব প্রতিষ্ঠিত করেছে। গায়ের জোরে বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্যবৃদ্ধি করে জনগণের অসাহয়ত্ব আরও কয়েক গুন বাড়িয়ে তুলছে। ভোট ও ভোটার বিহীন এবং অনির্বাচিত ব্যাক্তিদের নিয়ে পরিচালিত এই আওয়ামী মহাজোট সরকারের পতনের লক্ষ্যে ঐক্যবদ্ধ লড়াই সংগঠিত করা ছাড়া জনগণে সামনে এখন আর কোন বিকল্প পথ নেই।
নারায়ণগঞ্জ জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড মাহমুদ হোসেনের সভাপতিত্বে কালির বাজার পুরাতন কোর্ট চত্তরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমজীবী নারী মৈত্রীর সাধারণ সম্পাদক নারীনেত্রী রাশিদা বেগম, বিপ্লবী শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা আহবায়ক শ্রমিকনেতা শহিদুল আলম নাননু, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা আহবায়ক হাবিবুর রহমান আঙ্গুর, আইয়ুব আলী, মোক্তার হোসেন, রোকসানা বেগম, মুক্তা বেগম, শিমুল আক্তার আঞ্জু প্রমূখ।
