বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর খেয়াঘাটে সেচ্ছাসেবী সংগঠন মঙ্গল সোসাইটির ফ্রি মেডিকেল চেকাপ ক্যাম্প থেকে সেবা গ্রহন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। মঙ্গলবার ২৩ আগস্ট সকালে একটি অনুষ্ঠানে যোগ দিতে বন্দর খেয়াঘাট দিয়ে নদী পাড় হওয়ার সময় ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে রক্তচাপ ও ডায়াবেটিকস পরীক্ষা করেন এমপি সেলিম ওসমান। এ সময় ক্যাম্পের আয়োজকরা তার সাথে ছবি তুলে রাখার দাবি জানালে তিনি তাদের দাবি পূরন করেন।
নিজের ফ্রি চেকাপ করার সময় সংগঠনটির নারায়ণগঞ্জ জোনের ডিরেক্টর আলী হোসেন আকন বাপ্পির কাছে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন সেলিম ওসমান। এ সময় তিনি বন্দর খেয়াঘাট দিয়ে পারাপার হওয়ার গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সম্পর্কে জানতে চাইলে বাপ্পি জানান, তারা গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এদের মধ্যে বেশির ভাগ শ্রমিকেরই হেপাটাইটিস-বি ভাইরাস ধরা পড়েছে। ভাইরাস পাওয়া প্রায় ৯০ ভাগই গার্মেন্টের নারী শ্রমিক।
এ সময় সেলিম ওসমান নারায়ণগঞ্জের গার্মেন্টস গুলোতে গিয়ে শ্রমিকদের স্বাস্থ্য চেকাপ করার ব্যাপারে সংগঠনটির সহযোগীতা কামনা করেন এবং সংগঠনটির পক্ষ থেকেও তার এ প্রস্তাব গ্রহন করেন।
আলী হোসেন আকন বাপ্পি নিউজ নারায়ণগঞ্জকে জানান, মঙ্গল সোসাইটি একটি আর্ন্তজাতিক প্রতিষ্ঠান। মূলত চীন দেশ থেকে সংগঠনটির কার্যক্রম পরিচালনা করা হয়। সম্প্রতি তারা বাংলাদেশে তাদের এ সেবা মূলক কার্যক্রম শুরু করেছেন। এ বছরই প্রথম তারা জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দর সেন্ট্রাল খেয়া ঘাটে ২১দিন ব্যাপী ফ্রি মেডিকেল চেকাপ ক্যাম্পিং শুরু করেছেন। গত ১৮ আগস্ট থেকে শুরু হওয়া এ ক্যাম্পিং চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। ওই ক্যাম্পে বিনামূল্যে রক্তচাপ, রক্তের গ্রুপ, ওজন, ডায়াবেটিকস, ও হেপাটাইটিস-বি ভাইরাসের পরীক্ষা প্রদান করা হচ্ছে। ফ্রি ক্যাম্পিংয়ের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আরিফ হোসেন সম্পাদিক দৈনিক ভোরের কথা পত্রিকা।
গত ৬ দিনের কার্যক্রম সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, প্রথম দিন থেকে এখন পর্যন্ত তারা আনুমানিক ১০ হাজার মানুষকে ফ্রি চেকাপ সেবা প্রদান করেছেন। এর মধ্যে তারা মারাত্মক ভাবে হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত রোগী পেয়েছেন। আক্রান্তদের মধ্যে বেশির ভাগই গার্মেন্টের নারী শ্রমিক। তবে দু:খজনক হলেও সত্যি আক্রান্ত ওই সকল নারী শ্রমিকেরা জানতেনই না তারা বি ভাইরাসে আক্রান্ত।
মঙ্গল সোসাইটির পক্ষ থেকে তারা নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল গুলোতে গিয়ে বিনামূল্যে এ সেবাটি প্রদান করার আগ্রহ প্রকাশ করে সহযোগীতা কামনা করেন জোন ডিরেক্টর আলী হোসেন আকন বাপ্পি।
