বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে একাধিক শিশুকে ধর্ষন ও যৌন হয়রানীর অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বড় হুজুর মোস্তাফিজুরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে ফতুল্লা থানাধীন ভূইঘর দারুল হুদা মহিলা মাদ্রাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে র্যাব-১১।
ঘটনার বিবরণে র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুল সাকিব জানান, শনিবার দুপুরে ফতুল্লার ভূইগড়ে দারুল হুদা মহিলা মাদ্রাসায় অভিযান চালানো হয়। এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমানকে(৪৫) আটক করা হয়েছে। ৬ বছর আগে তিনি এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি মাদ্রাসায় বড় হুজুর হিসেবে পরিচিত। কয়েকজন অভিভাবকের কাছ থেকে অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়েছে। ইতোমধ্যে চারজন ছাত্রীর বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি যারা যৌন হয়রানির শিকার। তাছাড়া বড় হুজুরের মোবাইলেও বেশ কিছু রেকর্ড পাওয়া গেছে। এছাড়া তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদেও চার ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি স্বীকার করেছেন।
তিনি আরো জানান, মোস্তাফিজুর রহমানকে আরো জিজ্ঞাসাবাদ করা হলে বিস্তারিত জানা যাবে। মোস্তাফিজুর রহমান ওই মাদ্রাসাতেই পরিবার নিয়ে বসবাস করেন। তাঁর বাড়ি নেত্রকোনা জেলাতে। তার দুই মেয়ে ও এক ছেলে।
এদিকে স্থানীয় এলাকাবাসী গ্রেফতারকৃত মোস্তাফিজুরকে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

