বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব ২১ শে ফেব্রুয়ারীতে ভাষা নিয়ে দেওয়া তার নিজ বক্তব্যের ব্যখা তুলে ধরেছেন। রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডি থেকে তিনি তা তুলে ধরেন।
তিনি তার স্ট্যাটাসে লিখেন, অনেকেই আমার গতকালের বক্তব্যে কষ্ট পেয়েছেন বলে মেসেজ দিয়েছেন,ভুল যারা বুজেছেন তাদের জন্য………
তিনি আরো লিখেন, বাংলা ভাষা বরাবরই সমৃদ্ধ ও উদার। যুগ যুগ ধরে আমরা ইংরেজি, আরবি, ফারসি কিংবা উর্দুর অসংখ্য শব্দকে আপন করে নিয়েছি। একে আমি কোনোভাবেই অস্বীকার করি না। আমার মূল বক্তব্য ছিল শব্দের মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক জায়গা নিয়ে। ১৯৫২ সালের ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের এই মাতৃভাষার প্রতি যে গভীর আবেগ, সেখান থেকেই আমার মনে হয়েছে—প্রতিবাদের ভাষা হিসেবে আমাদের নিজস্ব শব্দগুলো অনেক বেশি শক্তিশালী এবং যুৎসই।কোনো নির্দিষ্ট শব্দ বা ভাষার প্রতি বিদ্বেষ নয় বরং একুশের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের নিজস্ব ভাষাগত স্বকীয়তার অগ্রাধিকার ছিল মুখ্য।নিজের ভাষাকে একটু বেশি ভালোবাসা বা গুরুত্ব দেওয়া মানে অন্যকে ছোট করা নয়। এটি সম্পূর্ণ রূপে দেশপ্রেম ও ভাষাপ্রেমের বহিঃপ্রকাশ। এখানে বিতর্কের চেয়ে বরং নিজ নিজ শব্দভাণ্ডারের শেকড় সন্ধানের আহ্বানই মুখ্য।
