বিজয় বার্তা ২৪ ডট কম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রথম পর্যায়ে দেশের কয়েকটি স্থলবন্দরকে মডেল স্থলবন্দর হিসেবে উন্নয়নের কাজ চলছে। পর্যায়ক্রমে সোনামসজিদ স্থলবন্দরকেও আন্তর্জাতিক মানে উন্নিত করে একটি মডেল স্থলবন্দরে রুপান্তর করা হবে। এই বন্দরকে আন্তর্জাতিক মানের করতে সরকার সর্বাধিক কাজ করে যাচ্ছে। দেশের অর্থনীতির ভিত্তি মজবুত করতে এবং দেশকে স্বনির্ভর করতে শুধু এ বন্দরই নয় দেশের প্রতিটি বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নিতকরণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে পানামা পোর্ট লিংক লিমিটেড এর সম্মেলন কক্ষে সোনামসজিদ স্থলবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নিতকরণে স্থলবন্দর সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা ও প্রবৃদ্ধি সম্প্রসারণের জন্য আগামী কয়েকদিন পর ভারতের পররাষ্ট্র মন্ত্রী বাণিজ্যিক ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করতে বাংলাদেশ সফর করবেন। এ সফর উভয় দেশের পারস্পারিক বন্ধন ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে সময় বন্দরগুলোর বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের উদ্যোগ নেয়া হবে। এ সফর দেশের প্রতিটি স্থলবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নিতকরণ ও দেশের আর্থিক উন্নয়নের পথ সুগম করতে অগ্রণী ভুমিকা রাখবে।
শনিবার বিকেল ৫টার দিকে এ মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান, জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উঁরাও, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আলহাজ্ব মো. এরফান আলী, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাব্বুল আলী, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, পানামা পোর্ট লিংক লিমিটেড এর পরিচালক রেহান খান, নির্বাহী পরিচালক এস.এম সালাউদ্দিন, সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, আমদানি-রপ্তানীকারক গ্রুপের সভাপতি মো. রফিকুল ইসলামসহ বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সোনামসজিদ সীমান্তবর্তী জিরো পয়েন্ট পরিদর্শন করেন এবং বন্দরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বন্দর সংশ্লিষ্টদের কাছ থেকে মনোযোগ সহকারে শোনেন।
এ সময় বন্দরের সমস্যা-সম্ভাবনা ও সুপারিশের স্থিরচিত্র প্রদর্শণের ওপর বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন। এর আগে সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক মিনিট নিরবতা পালন করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যে বন্দরের সম্ভাবনা ও সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন সংশ্লিষ্টদের।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সাংসদ আব্দুল ওদুদ বিশ্বাসসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
