বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা-ধলেশ^রী নদীর সংযোগস্থলে যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় একটি বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে দূর্ঘটনায় বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়। পরে দীর্ঘ দশ ঘন্টা পর বিকেল সাড়ে চারটায় নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ ডুবে যাওয়া বাল্কহেড থেকে উদ্ধার করে ফায়ারসার্ভিস। নিহত দুই শ্রমিকের নাম হলো পটুয়াখালী জহিদুল ইসলাম ও ঝালকাঠির হাসান মৃধা। এর আগে দূর্ঘটনায় উদ্ধার কাজের ধীরগতির জন্য নিখোঁজদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেণ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জে ফতুল্লার ধর্মগঞ্জে নোঙ্গর করে রাখা বাল্কহেডকে যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-১৬ লঞ্চ ধাক্কা দিলে দুই শ্রমিক নিখোঁজ হয়। পরে বিকেল সাড়ে চারটায় প্রায় দশ ঘন্টা পর বাল্কহেডের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বাল্কহেডটি লঞ্চের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে। যার কারণে উদ্ধার কাজ চালাতে সময় লেগেছে বলে জানায় ফায়ারসার্ভিস। যেই স্থানটিতে শ্রমিকরা রয়েছে সেখানে ডুবুরি দল পৌছতে পারছিলো না। এজন্য বিআইডব্লিউটিএর কাছ থেকে ভেকু এনে বাল্কহেড থেকে মাটি সরানো হয়েছে। পরে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউএনও এসএম ফয়েজ উদ্দিন জানান, সকালে দূঘটনায় ডুবে যাওয়া বাল্কহেডের নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনার পর যাত্রীবাহী লঞ্চটি নৌ-পুলিশ আটক করেছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
