বিজয় বার্তা ২৪ ডট কম
নির্বাচনের অবাধ,সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবসমুখর পরিবেশে যারা বিশৃংখলা সৃষ্টি করবে তারা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আহবান জানিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মান কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, নির্বাচন কমিশন তদন্ত মোতাবেক বিশৃংখলাকারীদের বিরুদ্ধে যে কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন। এতে আওয়ামীলীগের কোন দ্বিমত থাকবে না।
তিনি আরো জানান, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা আগামীকালের মধ্যে নির্বাচন থেকে সড়ে না দাঁড়ালে বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহার করার এখন আর কোন সুযোগ নেই, সেহেতু তারা সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে পারবেন। আমরা আগামীকাল ১৮ ডিসেম্বর পর্যন্ত দেখব কতোজন প্রত্যাহার করেন। তবে আওয়ামীলীগের ইতিহাসে এবার বিদ্রোহী প্রার্থীর সংখ্যা অনেক কম বলে তিনি দাবী করেন
ড. কামাল হোসেন ও কাদের সিদ্দকী প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে ধানের শীষে ভোট চাইছেন, আবার নিজেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলেও দাবী করছেন-এটা স্ববিরোধীতা ও হাস্যকর। বিএনপি-জামাতের নতুন করে বন্ধুত্ব সৃষ্টিকে ছদ্দবেশী গণতন্ত্রী ও ছদ্দবেশী মুক্তিযোদ্ধা বলেও আখ্যায়িত করেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আগে দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মান কাজ সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজ খবর নেন। তিনি জানান, সেতুটির নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে। মহাজোট আবারো ক্ষমতায় এলে আগামী বছরের শুরুতে জানুয়ারী মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত এই সেতুটি উদ্বোধন করবেন। সেতুমন্ত্রীর পরিদর্শনকালে এসময় আরো উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মজিবুল হক।

