বিজয় বার্তা ২৪ ডট কম
আইনজীবীদের স্বার্থে ও বারের উন্নয়নের জন্য বিএনপি পন্থী আইনজীবীদের এবার সেক্রিফাইস করতে আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ – ৪ আসনের সাংসদ শামীম ওসমান।
বুধবার বাদ জোহর জেলা আইনজীবী ভবনের চতুর্থ তলায় আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
তিনি আরো বলেন, তৈমূর, কালাম আমার ভাই, হুমায়ুন, জাকির আমার বন্ধু ও শাখাওয়াত আমার ছোট ভাই। বিএনপি বারী – শাহিন পরিষদ খুব সুন্দর প্যানেল মনোনীত করেছেন। তারা দুই জনেই ভাল মানুষ। কিন্তু আইনজীবীদের স্বার্থে ও বারের উন্নয়নের জন্য আপনারা এবার সেক্রিফাইস করেন। আর যদি বিএনপির নেতারা আমাকে কথা দেয় যে আমরা নির্বাচিত হলে দুই কোর্ট এক সাথে ও আধুনিক বার ভবন নির্মাণ করতে পারব তাহলে আমি তাদেরকে নিয়ে আর নির্বাচন করবো না।
আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক এড. মো. নুরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, সোনারগাঁ থানা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কামাল, আইনজীবী সমিতির সভাপতি এড. আনিছুর রহমান দিপু, সাধারন সম্পাদক এড. হাসান ফেরদৌস জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন মিয়া, জেলা জজ কোর্ট পিপি এড. রোকন উদ্দিন আহমেদ, সিনিয়র আইনজীবী এড. আমিনুল হক, এড. আবদুর রশিদ ভূঁইয়া, এড. মাসুদুর রউফ, নবীন আইনজীবী এড. আলী আকবর সহ আরো অনেকেই ।
তিনি আরো বলেন, তাই নারায়ণগঞ্জের স্বার্থে আমরা একত্রিত হয়ে যাই। তাহলে বাংলাদেশে এক নজিরবিহিন ঘটনার সৃষ্টি হবে। তাহলে অন্যান্য জেলার মানুষ বলবে নারায়ণগঞ্জ আইনজীবীদের উন্নয়নে আওয়ামীলীগ ও বিএনপি পরিষদ একত্রিত হয়েছে দুই কোর্ট এক সাথে রাখতে ও আধুনিক বার ভবন নির্মাণ করতে। এই শিক্ষা নিয়ে তারাও ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন করবে। আগামী রবিবার দুপুর পর্যন্ত আপনাদেরকে সময় দিলাম এর মধ্যে যে কোন দিন খুশি আপনারা আসেন আলোচনা করি। আর যদি আলোচনা না করেন তাহলে রবিবার দুপুরের পর থেকে আমরা নির্বাচনে মাঠে নামবো ও আমাদের পরিষদের সতের টি সদস্যকে বিজয়ী করে ফিরবো।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির উন্নয়নের জন্য আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত দিপু-পলু পরিষদ প্যানেলকে বিজয়ী করতে হবে যদি তারা নির্বাচিত হয় তাহলে অচিরেই দুই কোর্ট এক সাথে রাখতে আইন মন্ত্রণালয়ের কাছে লিখিত আবেদন করা হবে। ইতি পূর্বে আইনমন্ত্রী দুই কোর্ট এক সাথে রাখতে আইনজীবীদের আশ্বাস দিয়েছেন। আর দানবীর সেলিম ওসমান এর ঘোষণা অনুযায়ী আধুনিক বার ভবনের কাজ শুরু করবো। যদি এই পরিষদ বিজয়ী হতে না পারে তাহলে কোন কিছুই করা সম্ভব না। আর বিএনপির প্যানেল নির্বাচিত হলে আমি দুই কোর্ট এক সাথে রাখতে কখনো আইন মন্ত্রণালয়ে যাবো না। যদি বিএনপির প্যানেল নির্বাচিত হন তাহলে আইনজীবীদের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। তাদেরকে দিয়ে এই কাজ করা সম্ভব না। বর্তমান সরকার হলো আওয়ামীলীগ তাই এ সবকিছু এখন আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল দ্ধারা সম্ভব। যদি আওয়ামীলীগ পরিষদ প্যানেল নির্বাচিত হয় তাহলে আমি নিজে গিয়ে আইনমন্ত্রীর কাজে সুপারিশ করবো।
আইভী প্রসঙ্গে তিনি আরো বলেন, দল ভক্তের এতো অহংকার ভালো না । আমি দশ বার আহবান আইভীর জন্য প্রস্তাব করেছিলাম কিন্তু তৃণমূল তাকে সমর্থন করেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় আমি আইভীকে বার বার আহবান করেছি নারায়ণগঞ্জের তৃণমূল নেতাকর্মীদের কাছে মাফ চাইতে। কিন্তু সে এখনো ক্ষমা চাইনি। তাই এতো দল ভক্তের অহংকার থাকা ভালো না বোন আইভী। একটু আদব কায়দা ও সম্মান করতে শিখ। তাহলেই নারায়ণগঞ্জ আওয়ামীলীগ তোমার পক্ষে কাজ করবে।
