বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন সালেহনগর বারইপাড়া এলাকায় বিচার সালিশে হাতুড়ি পেটায় নিহত আলমগীর হোসেন (৪৬) হত্যা মামলার দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা। গ্রেফতারকৃতরা হলেন মামলার ৫ নং আসামি মোঃ জুয়েল (৩৬) এবং ১৮ নং আসামি আকিব ইবনে রাতুল (৩০)।মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পিবিআই কার্যালয়ে আয়েজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংস্থাটির পুলিশ সুপার মোস্তফানকামাল রাশেদ। এসময় তিনি জানান, গ্রেফতারকৃত জুয়েল বন্দর এলাকায় বাচ্চাদের পোশাক ব্যবসা করতেন। ব্যবসার সূত্র ধরে নিহত আলমগীর হোসেন ও তার ছেলে মুন্নার কাছ থেকে তিনি বেশ কিছু টাকা ধার নেন। পরবর্তীতে টাকা পরিশোধ না করায় দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
ঘটনার এক সপ্তাহ আগে আলমগীর জুয়েলের একটি মোটরসাইকেল তার বাসায় আটকে রাখেন। এর জের ধরে গত ৩ অক্টোবর বিকেলে পারভেজ নামের এক ব্যক্তির গ্যারেজে সালিশ বসে। কিন্তু আলমগীর সালিশে না গেলে, আসামি জুয়েলের নির্দেশে সহযোগীরা তাকে ধরে গ্যারেজে নিয়ে যায়। সেখানে আলমগীর ও তার ছেলে পাওনা টাকা চাইলে আসামিরা ক্ষিপ্ত হয়ে হাতুড়ি ও এসএস পাইপ দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।
গুরুতর আহত অবস্থায় আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর মারা যান।
পিবিআই নারায়ণগঞ্জ জেলা মামলাটি ৬ অক্টোবর স্ব-উদ্যোগে অধিগ্রহণ করে এবং একই রাতে নারায়ণগঞ্জসহ আশপাশ জেলায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী জুয়েল ও তার সহযোগী আকিব ইবনে রাতুলকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আকিব হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা স্বীকার করে জানায়, আসামি জুয়েলের পরিকল্পনা ও নির্দেশেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
