বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে বর্বরোচিত যুবক মনু হত্যা মামলায় ফরহাদ ও ফয়সাল নামে দুইজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মনুকে পিটিয়ে হত্যার সময় এই আসামিদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বুধবার (৩ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু।
গ্রেফতারকৃতরা হলেন, বন্দর উপজেলার মুরাদপুর গ্রামের সিদ্দিক প্রধানের ছেলে মোঃ ফরহাদ প্রধান (২৫) ও মোঃ ফয়সাল প্রধান (২৮)
এর আগে মঙ্গলবার (২জুলাই) রাতে বন্দর থানাধীন নয়াবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আমীর খসরু বলেন, গত ৭ জুন বন্দর থানাধীন মুরাদপুর এলাকায় নিজ বাড়িতে মনিরুজ্জামান ওরফে মনু (৪২) নৃশংসভাবে খুন হন। এই ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, হত্যাকান্ডের একটি লোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। প্রকাশিত ভিডিওতে দেখা যায় গ্রেফতারকৃত আসামীদ্বয় ভিকটিমকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। এখানে উল্লেখ্য যে আসামি ও ভিকটিমদের মাঝে দীর্ঘদিন যাবত শত্রুতা চলে আসছিল এবং এই শত্রুতাকে কেন্দ্র করে একাধিক হত্যাকাণ্ডের ঘটনাও সংঘটিত হয়েছে।
তিনি আরো বলেন, পরে এসপি মহোদয়ের নির্দেশে মামলার আলামত সংগ্রহ ও আসামি গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান শুরু করে জেলা পুলিশ। অব্যাহত প্রচেষ্টার পর গতকাল বন্দর থানাধীন নয়া বাড়ি এলাকা থেকে ফয়সাল ও ফরহাদকে গ্রেপ্তার করা হয়। এই মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।গ্রেফতারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

