বিজয় বার্তা ২৪ ডট কম
শুক্রবার বিকেলে বন্দর উপজেলার নেতৃবৃন্দের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা বিএনপি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যৌথ আয়োজনে এ সভার স্থান ছিল বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের বাসভবনের নিচ তলা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ এবং সঞ্চালনা করেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন আর রশিদ লিটন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠন আজও জনগণের আস্থার প্রতীক। আমরা সবাইকে সঙ্গে নিয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন করবো এবং গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে আরো বেগবান করবো।
প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগঠন। সরকারের দমন-পীড়নের মধ্যেও আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য শুধু আনন্দের নয়—এটি হবে গণতান্ত্রিক আন্দোলনের শপথ নেওয়ার দিন। প্রতিটি ইউনিট ও ওয়ার্ডের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানকে সফল করতে হবে।”
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী হচ্ছে ত্যাগ ও আন্দোলনের ইতিহাস স্মরণ করার দিন। এই দিনকে ঘিরে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, ধামগর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাহান, হুমায়ুন কবির, নজরুল ইসলাম, জসিম, আব্দুর রহিম, নাজমুল হক, সজীব খন্দকার, রায়হান, মাসুদ রানা প্রমুখ।
সভা শেষে সকল নেতৃবৃন্দ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল ও স্মরণীয় করে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

