নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমিরাবাদ কদমতলী এলাকায় এ আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ করেই একটি গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরেকটি গোডাউনে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ওসমান গনী বলেন, “আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের ২ ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে থাকা পুরাতন বাংলা মেশিনে ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। অগ্নিকাণ্ডে আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।”
ক্ষতিগ্রস্ত দুটি গোডাউনই টিনশেড কাঠামোতে নির্মিত। এর মধ্যে একটি প্রায় দুই হাজার (২,০০০) বর্গফুট এবং অপরটি দেড় হাজার (১,৫০০) বর্গফুট আয়তনের। গোডাউন দুটি স্থানীয় ব্যবসায়ী মো. আলম এবং নুরুল হকের মালিকানাধীন।
