বিজয় বার্তা২৪ ডটকমঃ
নেতৃত্ব পর্যায়ে হামলা প্রমাণ করে আওয়ামী লীগ গায়ের জোরে ফ্যাসিস্টদের মতো করে দেশ চালাচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাঙামাটি যাওয়ার পথে হামলার শিকার ফখরুল চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ হামলাকে অন্যায় আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায় দুল কাদের। হামলার প্রতিবাদে বিএনপি আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
পাহাড় ধসে আক্রান্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল যাচ্ছিলো পার্বত্য জেলা রাঙামাটিতে। সকাল দশটায় বহরটি অতর্কিত হামলার শিকার হয় রাঙ্গুনিয়ায়। তারা রাঙামাটি যাওয়া স্থগিত করে ফিরে আসেন চট্টগ্রাম। পরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে ফখরুল বলেন, এ হামলা গণতন্ত্রের ওপর বড় আঘাত। হামলায় দলের অন্তত ৫ জন নেতা আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হামলার জন্য আওয়ামী লীগ দায়ী বিএনপি মহাসচিবের এমন অভিযোগকে প্রত্যাখ্যানও করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
