বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর সৈকত (৭) নামের এক মাদ্রাসা ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সৈকত গাইবান্ধা জেলার বাসিন্দা আঞ্জুর ছেলে এবং স্থানীয় মাহমুদিয়া মাদ্রাসার ছাত্র। তার বাবা পেশায় রাজমিস্ত্রি এবং মা গার্মেন্টস কর্মী। তারা পরিবারসহ নরসিংপুরের হাসেম স্পিনিং মিল সংলগ্ন ইব্রালাভ মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে সৈকত নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
সোমবার (৬ এপ্রিল) সকালে উত্তর নরসিংপুরের বক্তাবলী সড়কে হাসেম স্পিনিং মিলের পাশে একটি পরিত্যক্ত স্থানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।