বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ ফতুল্লার তল্লা আজমেরী বাগ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সদস্য আহম্মদ আলী সাইফিকে (২৪) আটক করেছে র্যাব-৩।
আহম্মদ আলী সাইফি ফতুল্লা মডেল থানার তল্লা আজমেরী বাগ এলাকার আলী আশ্রাফের পুত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লালমাই থানার হলদিয়ায়।
শুক্রবার দুপুরে তাকে তল্লা আজমেরীবাগস্থ মিসবাহুল উম্মাহ হিফজ মাদরাসা থেকে আটক করা হয়। এ সময় পালিয়ে যান, মারুফ তাকি (২৬) ও মহিবুল্লা (২৮) নামের অপর দুই সদস্য। এ ঘটনায় শুক্রবার রাতে র্যাব-৩ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরসহ আটকদের থানায় সোপর্দ করে।
মামলায় উল্লেখ করা হয়, আটককৃত আহম্মদ আলী সাইফি ছাত্রজীবনে ২০১৮ সালে তথ্য প্রযুক্তির মাধ্যমে আল কায়েদা উগ্রবাদী সম্পর্কে ধারণা লাভ করেন। পরবর্তীতে তিনি পলাতক মারুফ তাকি ও মহিবুল্লাহর মাধ্যমে আনাসার আল ইসলামের হয়ে তল্লা আজমেরীবাগস্থ মিসবাহুল উম্মাহ হিফজ মাদরাসা থেকে উগ্রবাদী মতাদর্শ প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। অনলাইনে তার সহযোগী অন্যান্য আইডির সঙ্গে যোগাযোগের মাধ্যমে উগ্রবাদী মতবাদ প্রচারের জন্য বিভিন্ন ধরনের বই ও প্রচারপত্র তৈরি করতেন। আটকের সময় তার থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও দুটি সিমকার্ড, ৬৪ জিবির পেনড্রাইভ ও জিহাদি বই জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মাসুদ রানা জানান, জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাব-৩ এর সদস্যরা তাকে আটক করেন। শুক্রবার রাতে র্যাব-৩ বাদী হয়ে মামলা দায়েরসহ তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে। শনিবার দুপুরে তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

