বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকায় ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক দেড়টার দিকে ৩০ থেকে ৪০ জন ছাত্রলীগ কর্মী মশাল হাতে একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেয় এবং সংক্ষিপ্ত সমাবেশের চেষ্টা করে।
বিষয়টি জানাজানি হলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবদলের নেতাকর্মীদের নিয়ে মিছিলটি আটকে দেন। এ সময় যুবদল নেতাকর্মীরা মিছিল থেকে ফাহিম আহম্মেদ (২৩), নিরব হোসেন (১৮), ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১) এবং আবির (১৫) নামের পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
খবর পেয়ে ফতুল্লা থানার টহল দলের উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি এবং একটি পিকআপভ্যান জব্দ করে।
এ বিষয়ে ফতুল্লা থানার সহকারী উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, “নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের থানায় আনা হয়েছে এবং আইনি ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে।”
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে। তারা সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহযোগী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

