বিজয় বার্তা ২৪ ডট কম
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রের কাঠামো পরিবর্তন না করে পরীক্ষার সময় কমানো যাবে না, এই দাবীতে নারায়ণগঞ্জ শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি জেসমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, অর্থ সম্পাদক মুন্নী সর্দার।
নেতৃবৃন্দ বলেন-ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, তারা অনার্স, ডিগ্রী পরীক্ষার পূর্বের যে সময় ৪ ঘন্টা ছিল তা কমিয়ে এখন ৩.৩০ ঘন্টায় আনা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড তারা বলছেন যে, জাতীয় বিশ্ব বিদ্যালয় ২০১০ অ্যাক্ট অনুযায়ী ১০০ মার্কের পরীক্ষার জন্য ৪ ঘন্টা পরীক্ষা ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন যে নিয়ম ক্র্যাশ প্রোগ্রাম, সেই ক্র্যাশ প্রোগ্রামের আলোকে যে সৃজণশীল পদ্ধতি চালু করা হয় তাতে ছাত্র ছাত্রীদের আরও ২০ মার্কের ইনকোর্স পরীক্ষা নেয়া হয়, আর বাকী ৮০ মার্কের বোর্ড পরীক্ষা নেয়া হয়। যার কারণে এখন ৮০ মার্কের পরীক্ষার জন্য ৩.৩০ ঘন্টা নেয়া হবে। কিন্তু আমরা দেখলাম যে, ৮০ মার্কের যে প্রশ্নের কাঠামো তাতে ছাত্র ছাত্রীরা ৪ ঘন্টা লিখেও শেষ করতে পারে না, সেখানে ৩.৩০ ঘন্টায় কিভাবে লেখা শেষ করবে?
নেতৃবৃন্দ আরো বলেন-একদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে জরাজীর্ণ অবস্থা তাতে আবার নতুন নতুন নিয়মের কারণে শিক্ষার্থীদের জীবন শুধুমাত্র পরীক্ষায় পর্যবসিত হয়েছে। যার কারণে আবারো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২১ লক্ষ শিক্ষার্থীর জীবন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এর মধ্যে আবার ৩০ মিনিট টাইম কমানো হল। সেটা হলে ছাত্র ছাত্রীদের বছর বছর অটো প্রমোশন দিতে হবে। তাই নেতৃবৃন্দ পরীক্ষার অবকাঠামো পরিবর্তন না করে সময় না কমানোর দাবী জানান।
