বিজয় বার্তা ২৪ ডট কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা তুলে দেওয়ার পরও ষড়যন্ত্র চলছে। এ নিয়ে দাঙ্গার কথা হচ্ছে। নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
বুধবার সন্ধ্যায় শহরের ২ নম্বর রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগের সমর্থন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে ৬ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগ তাকে সমর্থন জানিয়ে সভা করে।
আইভী বলেন, আমার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী খোঁজা হচ্ছে। অনেককে চাপ দিচ্ছে, প্রলোভন দেখাচ্ছে। প্রার্থী দিয়ে নির্বাচনে অরাজকতা ঘটিয়ে বানচালের চেষ্টা করছে। আমি তাদের বলবো অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নৌকার জন্য কাজ করুন। বেশি বাড়াবাড়ি ভালো না। সম্প্রতি দেখেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর (মুরাদ হাসান) অবস্থা কী হয়েছে। আমরা কারও এমন পরিণতি চাই না।
সভায় আড়াইহাজারের ছয়টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীকে পরিচয় করিয়ে দেন সেখানকার এমপি নজরুল ইসলাম বাবু। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আনিসুর রহমান দিপু, তারাবো পৌরসভা মেয়র হাসিনা গাজী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান, আবদুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।

