বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছিলেন তিনি। একই সঙ্গে নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ভুলবশত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে জানানো হচ্ছে—মো. মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ বহাল থাকবে।
এর আগে গত ১ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল। এই প্রত্যাহার নিয়ে নারায়ণগঞ্জে অনেক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছিল।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, এক চিঠিতে বলা হয়েছে মো. মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার স্থগিত করা হয়েছে।
২০১৮ সালের ২৫ ডিসেম্বর আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমানের পক্ষে নৌকায় ভোট চেয়ে প্রচারণার অভিযোগ এনে সে সময়ের ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি মনিরুল আলম সেন্টুকে বহিষ্কার করেছিল বিএনপি। এরপর ২০২১ সালের ৯ অক্টোবর আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড মনিরুল আলম সেন্টুকে কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন। সেই নৌকা প্রতীকে নির্বাচন করে তিনি জয়ী হয়েছিলেন।
