স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাংলাদেশের নির্বাচন কমিশন ইচ্ছা করলে নির্বাচন বাতিলও করতে পারে, ইচ্ছা করলে নির্বাচন গ্রহণও করতে পারে। যে কারও চাকরি খেতে পারে। কিন্তু এ কেমন কমিশন, লড়েও না, চড়েও না।
তিনি আরো বলেন, আগায়ও না পিছায়ও না। একটা কিছু ক, গোলাপি একটা কিছু ক। আপনাদের তো কিছু বলতে হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে সুরঞ্জিত এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকালও নয়জন মারা গেল। এখানে তুমি-আমি চক্ষু বুজে রাখতে পারি না। যখন এর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদেরও আত্মাহুতি দিতে হচ্ছে, এদের তো রক্ষা আমাদের নির্বাচন কমিশন করতে পারে না। এই রকম নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়ে তো আমরা আসি নাই।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সাংসদ পঙ্কজ নাথ, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব প্রমুখ।