বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একে এম সেলিম ওসমান বলেছেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কেউ বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করবেন না। প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবেন আমাদের তাদের পক্ষেই কাজ করতে হবে। আমি অন্য দলের হলেও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর ভরসা রাখি। অতীতেও আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে সমর্থন দিয়েছি ভবিষ্যতেও দিবো। তবে যাকেই মনোনয়ন দিকনা কেন মার্কাটা কিন্তু হবে নৌকা। দলটা হবে আওয়ামীলীগ। অতএব আপনারা কেউ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবেন না। দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করে আমাদের কর্মকান্ড পরিচালনা করুন।
বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত সমবায় সমিতি ভবনের কমিউনিটি সেন্টারে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ হিন্দু নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন,
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ শহরে যানজট লেগেই থাকে। এছাড়া পূজা মন্ডপের যাতায়াতের রাস্তা গুলোও অনেক সংকোচিত। আমাদের পরিবর্তন করতে হবে। যখন পরিস্থিতি স্বাভাবিক ছিলো আমি তখনো এই কথা গুলো বলেছি। নারায়ণগঞ্জে ওসমানী স্টেডিয়াম আছে, শামসুজ্জোহা স্টেডিয়াম আছে, লাঙ্গলবন্দ আছে, রামকৃষ্ণ মিশনের মত এমন কয়েকটি স্থান আছে যেখানে আপনারা পূজা মন্ডপ গুলো স্থানান্তর করে একত্রে আনন্দ উৎসব করতে পারেন। এই শহরটির নাম নারায়ণগঞ্জ, নদীটির নাম শীতলক্ষ্যা ব্রহ্মপুত্র কিন্তু বদলে যায়নি। নারায়ণগঞ্জ সুন্দর করে সাজাতে আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। খানপুর ৩০০ শয্যার জন্য রণদা প্রসাদ সাহা জমি দিয়েছেন। আজ পর্যন্ত আমরা হাসপাতালটির নাম আরপি সাহা হাসপাতাল করতে পারলাম না। কুমুদিনি থেকে একটি উন্নত মানের ক্যান্সার হাসপাতাল করা হবে। সেজন্য জায়গা খালি করতে হবে। কিন্তু আমাদের নারায়ণগঞ্জেরই কিছু লোক তাদেরকে জায়গা না ছাড়ার কথা বলেছিলাম। আমার আহবানে নারায়ণগঞ্জের মানুষ মানববন্ধন করেছেন। আমি তাদের সাথে কথা বলেছি। যারা স্থায়ী শ্রমিক ছিল তাদেরকে ৩ মাসের চাল ডাল তেল লবন সহ প্রয়োজনীয় জিনিস এবং নগদ অর্থ দিয়ে তাদের পূর্নবাসনের চেষ্টা করেছি সেই সাথে তাদের কারো চাকরির প্রয়োজন হলে নারায়ণগঞ্জ চেম্বারের সাথে যোগাযোগ করতে বলেছি। সবাই মিলে একত্রিত ভাবে কাজ করলে নারায়ণগঞ্জের উন্নয়ন সম্ভব।

