বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নারায়ণগঞ্জে জেলা পরিষদ, নারায়ণগঞ্জ এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য ত্যাগের কথা স্মরণ করে বলেন যে, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার কারণেই আজ আমরা একটি স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সহ অন্যান্যরা।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক হিসেবে চেক তুলে দেন।

