বিজয় বার্তা ২৪ ডট কম
সমষ্টিগত সঞ্চয়ে সমবায়ের মাধ্যমে আত্ম কর্মসংস্থান সৃষ্টি করে যারা ব্যক্তি ও সমাজ উন্নয়নে বিশেষ উদাহরণ সুষ্টি করেছেন, সেই সৃষ্টিশীল সমবায়ী ব্যক্তিদের মূল্যায়নের মাধ্যমে সারা দেশে পালিত হল ৪৭তম জাতীয় সমবায় দিবস। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা, উপজেলা সমবায়ের উদ্যোগে স্থানীয়ভাবে পালিত হয়েছে ৪৭তম এই জতীয় সমবায় দিবস। ২৫ নভেম্বর রোববার সকাল ৯টায় বর্ণাঢ্য এক র্যালীর মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোঃ আখিরুল আলমের সার্বিক তত্বাবধানে শুরু হয় এই দিসব উদযাপন কর্মসূচী।
র্যালীতে নেতুত্ব দেন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনসহ প্রধান অতিথির আসন অলংকৃত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল বারী। নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার এবং নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কার্যক্রম নিয়ন্ত্রনের দায়িত্বে জেলার সহকারী পুলিশ সুপার হিসেবে নিয়োজিত থাকা কর্মকর্তা মো. নূরে আলম এবং বিশেষ অতিথি হিসেবে আরও একটি আসন অলংকৃত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমবায়ী নেতা বিসিক শিল্প মালিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি এবং এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সহ-সভাপতি মোহাম্মদ হাতেম।
নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ্ মাহমুদ টিটু এবং নারায়ণগঞ্জ সদও উপজেলার সহকারী পরিদর্শক এস কে নাজনীন আরা’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মো. আখিরুল আলম। এছাড়া বিভিন্ন সমিতি’র সফল সংগঠক হিসেবে ঐ আলোচনা পর্বে এক এক করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, ঐক্য সঞ্চয় চাঁদপুর সমবায় সমিতির সম্পাদক ওমর হায়দার, সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযোদ্ধা বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ভূঁইয়া জুলহাস, বৃহত্তর কুমিল্লা বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. মনির হোসেন মেজর এবং জালকুড়ি দক্ষিণপাড়া সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোসাঃ আলেয়া বেগম।
মহতি এ অনুষ্ঠানে ২০১৬ এবং ১৭ অর্থ বছরে বিভিন্ন ক্যাটাগরীর শ্রেষ্ঠত্ব অর্জনকারী সমিতির প্রধানদের হাতে পুরস্কার হিসেবে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান মেহমান মো. রেজাউল বারী।

