বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় অপু নামে এক ইলেকট্রিক মিস্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বত্তরা।
শুক্রবার রাত সাড়ে ৯ টায় শহরের দেওভোগ তাতিপাড়া এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত সোলেয়মান হোসেন অপু (৩২) তাতিপাড়া এলাকার রমজান আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানায়, শহরের কাশেম ডেকোরেটরে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন নিহত অপু। একটি বিয়ের বাড়ির কাজের জন্য রাতে বাসা থেকে বের হলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় লোকজন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে নিহতের পরিবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম বলেন, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে মাদক ব্যবসার কারনে অপুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পারভেজ নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
