বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ইয়াবা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার ভোর পৌনে ৬ টায় শহরের ১নং বাবুরাইল এলাকার আমজাদ হোসেন বাদলের বাসায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন দেওভোগ এলাকার মৃত আবেদ আলী মিয়ার ছেলে মো. আমজাদ হোসেন (৪০), জামালপুর জেলার ইসলামপুর থানার বাজলা এলাকার সোনাউল্লাহর ছেলে মো. সামিউল ইসলাম (৩৫), সিরাজগঞ্জ সদর উপজেলার চর রায়পুর এলাকার মৃত ঠাকুর চৌধুরীর ছেলে রাজেশ চৌধুরী শ্যাম (৪০)।
এদিকে মঙ্গলবার বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ সব তথ্য দেন। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই মিজানুর রহমান ও আবু সায়েম, এ এস আই প্রকাশ চন্দ্র সরকার ও মো. আজিজুর রহমান অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ও ইয়াবা তৈরির মেশিসহ তিনজনকে আটক করে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের কাছ থেকে যে পরিমাণের কাচামাল উদ্ধার করা হয়েছে তা দিয়ে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা তৈরি করা সম্ভব। পুলিশের নজরদারির কারণে পার্শ্ববর্তী দেশগুলো থেকে ইয়াবা আনতে না পারায় পাশের দেশ মিয়ানমার থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ইয়াবা তৈরির মেশিন আবিস্কার করে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে খবর আসে নারায়ণগঞ্জেও ইয়াবা তৈরির মেশিন রয়েছে এবং ইয়াবা তৈরির কারখানা আরো রয়েছে। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা তৈরির সরঞ্জামসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়া তদন্ত করে এদের সাথে যাদের যোগসাজেস পাওয়া যাবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফারুক হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা
