বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (বার) নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সরকার হুমায়ূন কবির ও এইচএম আনোয়ার প্রধান পরিষদ নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে। ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এই পরিষদ ১৬টিতেই বিজয়ী হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে দিনভর ভোটগ্রহণ চলে উৎসবমুখর পরিবেশে। আইনজীবীরা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেন। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে ৬০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির।
সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ৭১৮ ভোট পেয়ে জয় পেয়েছেন অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান।
এছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে অ্যাড. কাজী আব্দুল গাফ্ফার (৬৯৭ ভোট), সহসভাপতি অ্যাড. সাদ্দাম হোসেন (৫৫৫ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ওমর ফারুক নয়ন (৬৭৫ ভোট), কোষাধ্যক্ষ অ্যাড. শাহাজাদা দেওয়ান (৭৫৫ ভোট) নির্বাচিত হয়েছেন।
আপ্যায়ন সম্পাদক হয়েছেন অ্যাড. মাইন উদ্দিন রেজা (৭৯৭ ভোট), লাইব্রেরি সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান (৫৯০ ভোট), ক্রীড়া সম্পাদক অ্যাড. আমিনুল ইসলাম (৬৪৫ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. সারোয়ার জাহান (৫৭২ ভোট), সমাজসেবা সম্পাদক অ্যাড. রাজিব মন্ডল (৬০০ ভোট) এবং আইন ও মানবাধিকার সম্পাদক হয়েছেন অ্যাড. মামুন মাহমুদ মিয়া (৫৮৫ ভোট)।
কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন— অ্যাড. দেওয়ান আশরাফুল ইসলাম (৭৩৪ ভোট), অ্যাড. ফাতেমা আক্তার সুইটি (৬৯৭ ভোট), অ্যাড. আবু রায়হান (৬৯৪ ভোট), অ্যাড. তেহসিন হাসান দিপু (৫৭৪ ভোট) এবং জামায়াত সমর্থিত একমাত্র প্রার্থী অ্যাড. আফরোজা জাহান (৫২৩ ভোট)।
এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলের পাশাপাশি বিএনপিপন্থী বিদ্রোহী অংশ ‘রেজা-গালিব প্যানেল’ নামে ভোটের মাঠে নামে। তবে শেষ পর্যন্ত তারা তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। বিএনপি সমর্থিত হুমায়ূন-আনোয়ার পরিষদ ১৬-১ ব্যবধানে জিতে শক্ত অবস্থান ধরে রাখে।
আইনজীবী মহলের বিশ্লেষণে বলা হচ্ছে, এ বিজয় বিএনপিপন্থী আইনজীবীদের ঐক্য ও সংগঠিত অবস্থানকে নতুনভাবে দৃঢ় করল। অন্যদিকে জামায়াতপন্থীরা কেবল কার্যকরী সদস্য পদে সীমিত জয় পেলেও, পুরো নির্বাচনে তারা তেমন অবস্থান দেখাতে পারেনি।