বিজয় বার্তা ২৪ ডট কম
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। এবার পরীক্ষায় অংশ নিতে ফরম পূরন করেছেন নারায়ণগঞ্জের ৫টি উপজেলায় মোট ৪৮ টি কেন্দ্রে মোট ৩৩ হাজার ১৮২ জন পরীক্ষার্থী৷
বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার সাধারণ শিক্ষাবোর্ড থেকে ২৮ হাজার ৪৮৭ জন, কারিগরি শিক্ষাবোর্ড থেকে ১ হাজার ৭২৩ জন এবং দাখিল থেকে ২ হাজার ৯৭২ জন শিক্ষার্থী অংশ নেবে।
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সূচি অনুযায়ী প্রথমদিন দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীন কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের বাংলা-২ (দাখিল ও ভোকেশনাল) পরীক্ষা হচ্ছে। সব বোর্ডের প্রথমদিনের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জের ৫টি উপজেলায় মোট ৪৮টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৬টি, বন্দর উপজেলায় ৫টি, সোনারগাঁ উপজেলায় ৯টি, রূপগঞ্জ উপজেলায় ১০টি এবং আড়াইহাজার উপজেলায় ৮টি কেন্দ্র রয়েছে।
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু৷
এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে। পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্রের মাধ্যমে, যা ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এসএসসির তত্ত্বীয় পরীক্ষা ১৩ মে পর্যন্ত চলবে, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দাখিল পরীক্ষা শুরু হবে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষার মাধ্যমে, যা ১৩ মে পর্যন্ত চলবে। ১৪ থেকে ১৮ মে পর্যন্ত দাখিলের ব্যবহারিক পরীক্ষা হবে।
ভোকেশনাল শিক্ষার্থীদের জন্যও পরীক্ষা রয়েছে। তারা ১৩ এপ্রিল থেকে ইংরেজি-২ পরীক্ষার মাধ্যমে তাদের তত্ত্বীয় পরীক্ষা শেষ করবে। ১৩ থেকে ২২ মে পর্যন্ত তাদের ব্যবহারিক পরীক্ষা হবে, এবং ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ চলবে।
সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা আয়োজনে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। সকাল পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। এদিকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং কোচিং সেন্টারগুলো ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বন্ধ থাকবে। কেন্দ্রে চলাচলের ক্ষেত্র লালপতাকা দিয়ে চিহ্নিত করা হবে।
এবার পরীক্ষার্থীদের জন্য অবশ্য পালনীয় ১৪টি নির্দেশনা দিয়েছে স্ব স্ব শিক্ষা বোর্ড। এর মধ্যে ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ, মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যেসব ডিভাইস নিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করা যাবে না সেগুলোর তালিকা অন্যতম।

