বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার ৭৯৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৫১টি কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার এ তথ্য জানান।
তিনি বলেন, ইতোমধ্যে পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনের সময় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বডি অন ক্যামেরায় ধারণকৃত ভিডিও যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একইসঙ্গে কোন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সহায়তায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
উক্ত সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
