বিজয় বার্তা ২৪ ডট কম
দীর্ঘ ৩০ বছরের বৈষম্য দূর করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এই কর্মবিরতি পালন করেন তারা।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট শামীম আল মামুন জানান— নার্স, কৃষি ডিপ্লোমা, পলিটেকনিক, সার্ভেয়ার, ফরেস্ট্রি, ফিশারিসহ সব সেক্টরের ডিপ্লোমাধারীরা ইতোমধ্যে ১০ম গ্রেড পেয়েছেন। কিন্তু একই ডিপ্লোমাধারী হয়েও এবং চিকিৎসা ব্যবস্থার মত গুরুত্বপূর্ণ অংশে কাজ করেও তারা বঞ্চিত।
তিনি আরও জানান—অন্য সব ডিপ্লোমাধারীরা যেখানে ১০ম গ্রেড পাচ্ছেন, সেখানে শেষ ৩ দশক ধরে একমাত্র মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাই ১১ গ্রেডে যোগ দিয়ে ১১ গ্রেডেই চাকরি শেষ করেন। এই বৈষম্য দূর করতেই তাদের এই আন্দোলন।
তাদের অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় কাগজপত্র পাঠালেও বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে আছে। দ্রুত অনুমোদন পেলেই দাবি বাস্তবায়ন সম্ভব।
কর্মবিরতিতে বহির্বিভাগ, ফার্মেসি, প্যাথোলজি, এক্স-রে ইউনিট বন্ধ রয়েছে। তবে জরুরি বিভাগ ও ভর্তি রোগীদের সেবা সচল রাখা হয়েছে রোগীদের ভোগান্তি বিবেচনায়।
তবে আন্দোলনের কারণে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকায় ভোগান্তিতে আছেন সাধারণ রোগীরা।

