নারায়ণগঞ্জে রূপগঞ্জে নুরুল হক মোল্লা নামে এক ব্যবসায়ীকে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এসময় আসমিরা আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- মিলন (৪৯) ও সজিব (৪১)। এছাড়া এ মামলায় ৮ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস প্রদান করা হয়।
যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আলম, জুবায়ের, মোজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল, লস্কর আহমেদ জীবন ও রহমত আলী। এর মধ্যে লস্কর আহমেদ জীবন ও রহমত আলী পলাতক রয়েছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান। তিনি বলেন, ২০০৯ সালে নুরুল হক মোল্লা রাতে খাওয়া-দাওয়া করে তার রাইস মিলে ঘুমোতে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের তিনদিন পর ঢাকা সিলেট মহাসড়কের পাশে পানিতে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় সেদিন ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ২ জনের মৃত্যুদণ্ড ও ৮ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রবিন নামে একজনের বিরুদ্ধে কোন সাক্ষ্যপ্রমাণ না থাকায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।
