বিজয় বার্তা ২৪ ডট কম
পবিত্র রমজান উপলক্ষে নারায়ণগঞ্জে ভেজাল খাদ্য বিরোধী যৌথ অভিযান পরিচালনা করেছে র্যাব, জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। দুপুরে সদর উপজেলার শহীদনগর এলাকায় অনুমোদনহীন, অস্বাস্থ্যকর পরিবেশ, বিভিন্ন নামে প্যাকেটজাত ও নিয়ম না মেনে সেমাই উৎপাদন করায় দুই প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় গ্রামীন ও আনন্দ সেমাই নামে প্রস্তুতকারী কারখানায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ, র্যাব-১১ আল মাসুদ খান ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া শামসুল নাহারের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
‘বন্দরের সিরাজের মালিকানাধীন গ্রামীণ সেমাই’ কারখানায় খোলা টয়লেটের পাশে সেমাই উৎপাদন এবং বৈধ অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের সিল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং উৎপাদিত সেমাই জব্দ করা হয়। পাশাপাশি, রিপনের মালিকানাধীন ‘আনন্দ সেমাই’ কারখানার বিএসটিআই অনুমোদন থাকলেও নিয়মবহির্ভূতভাবে পণ্য প্যাকেটজাত করার অভিযোগে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ বলেন, দীর্ঘদিন ধরে আমরা অভিযোগ পাচ্ছিলাম এখানে অস্বাস্থ্যকরভাবে সেমাই উৎপাদন করা হয়, তাই অভিযান চালিয়েছি। এখানে দুই প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে এক লাখ পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
র্যাব-১১-এর সিপিসি-১ স্কোয়াড কমান্ডার এএসপি আল মাসুদ খান বলেন, ঈদ সামনে রেখে অনেক অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করে থাকে। তাই আমরা প্রতিনিয়ত এই ধরনের অভিযান পরিচালনা করে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছি। ঈদে পর্যন্ত এই ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।
