বিজয় বার্তা ২৪ ডট কম
বুধবার দিবাগত রাতে উপজেলার মনদপুরের কেওঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গোডাউনে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। গোডাউনটিতে চাল মজুদ করেছেন মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ভূইয়া। এসময় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার ও নারায়ণগঞ্জ খ-অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়।
এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার বলেন, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গোডাউনটিতে অভিযান চালানা হয়। গোডাউনে থাকা ১২শ’ বস্তা চাল উদ্ধার করা হয়েছে এবং গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়েছে। গোডাউনের লোকজন বলছে, এই চাল তারা ত্রাণ দেওয়ার উদ্দেশে মজুদ করেছে। যদি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারে তাহলে জাবেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে ১৩ জন সহ মোট আক্রান্ত হয়েছেন ৮৯৫ জন। নতুন করে ১৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮৭০ জন।গত চব্বিশ ঘন্টায় নতুন করে কেউ মারা যায়নি। এই পর্যন্ত মোট মৃত্যু ৪২ জন।

