বিজয় বার্তা ২৪ ডট কম
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ধরণের ষড়যন্ত্র চলছে। দেশকে অস্থিতিশীল করার একটি প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার রাত থেকে নারায়ণঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচল ৫ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে পুলিশ শুক্রবার সকাল পর্যন্ত সেখান থেকে ৬২টি চায়নিজ রাইফেল, ৪০টি এসএমজি, দু’টি রকেট লঞ্চার, ছয়টি পিস্তল, ২২টি হ্যান্ডগ্রেনেড, ডেটোনেটরসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
সেখানকার একটি বাড়ি ও পাশের লেক থেকে এসব উদ্ধার করা হয়। দুপুর ১২টা পর্যন্ত সেখানে অভিযান চলছিল। মোট আটটি ব্যাগ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। দুপুরে লেকটির পানি সেচের জন্য পাম্প বাসনো হয়।
এ ঘটনার খবর পেয়ে আইজিপিসহ ঢাকা থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে আইজিপি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আইজিপি শহীদুল হক বলেন, এরই মধ্যে এক ব্যক্তি আমাদের হাতে গ্রেফতার হয়েছে। ওই ব্যক্তির তথ্যের ভিত্তিতে এই সব অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এই চক্রের হাতে আরো অস্ত্র-গোলাবারুদ আছে কিনা খুঁজে দেখা হচ্ছে। কারা কী কারণে কী উদ্দেশ্যে এই গোলাবারুদ মজুদ করেছে তা শিগগিরই জানা যাবে।

