বিজয় বার্তা ২৪ ডট কম
তারা মানুষের অধিকারগুলোকে পুরোপুরিভাবে কেড়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে দৈনিক নয়া দিগন্তের কার্যালয়ে পত্রিকাটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, অনেক কষ্ট করে এখানে এসেছি। আপনারা জানেন, আজ উত্তরার রাস্তা বন্ধ হয়ে গেছে। ডিএমপি কমিশনার একটা সার্কুলার দিয়েছেন যে, এ সড়কটা ব্যবহার না করার জন্য। গতকাল (সোমবার) ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে যে বৃষ্টিপাত হয়েছে এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত এ রাস্তাটি আর চলাচলের উপযোগী নয়। এই কথাটা আমি বেশ কিছুদিন ধরে বলে আসছি এ রাস্তাটার কথা।
তিনি বলেন, এ যে মেগা প্রজেক্ট, মেগা উন্নয়ন তার একটা ফলশ্রুতি, সেজন্য আজ এ অবস্থা। কথাটা এজন্য বললাম যে, আজ এ (জলাবদ্ধতা) বর্তমান অবস্থা সৃষ্টি হয়েছে এই তাদের মেগা উন্নয়নের কারণেই।
উত্তরার বাসায় কীভাবে যাবেন তা নিয়ে নিজের দুশ্চিন্তার কথা তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, আমি জানি না আমি এখন ফিরবো কী করে। তারপরে ধরে নিচ্ছি, যে অন্য বিকল্প রাস্তা দিয়ে ফিরতে হবে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঢাকা-মহাসড়কের গাজীপুর অংশে বিভিন্নস্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রাজধানীর খিলক্ষেত, উত্তরা-বিমানবন্দর এলাকায় দেখা দিয়েছে যানজট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জরুরি প্রয়োজন ছাড়া উত্তরা যাওয়ার পথ ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে।
দেশের বর্তমান অবস্থা তুলে ধরে ফখরুল বলেন, আমরা একটা নষ্ট সময়, একটা ভয়ংকর সময় অতিক্রম করছি। আমার কাছে আজ বিস্ময় মনে হয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আমরা সরাসরি জড়িত ছিলাম। তখন কী আমরা যুদ্ধ করেছিলাম মানুষের অধিকারগুলোকে কেড়ে নেবো, তার ভোটের অধিকার কেড়ে নেবো, তার কথা বলার অধিকার কেড়ে নেবো এজন্য।
তিরি আরো বলেন, ‘দুর্ভাগ্য আমাদের, ১৯৭৫ সালের সেই অবস্থা আমাদের আপনার পার হতে হয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে ওই একাত্তরের চেতনাকে তারা বাস্তবায়িত করেছে, একদলীয় শাসন ব্যবস্থায় পত্রিকা বন্ধ করে দিয়ে তারা স্বাধীনতার চেতনা বাস্তবায়িত করেছে। আজ আবার একইভাবে তারা এ স্বাধীনতার কথা বলে, মুক্তিযুদ্ধে কথা বলে তারা মানুষের অধিকারগুলোকে পুরোপুরিভাবে কেড়ে নিচ্ছে।’
তিনি বলেন, এই সময়টা আমাদের অত্যন্ত ধৈর্যের সঙ্গে, অত্যন্ত সাহসের সঙ্গে অতিক্রম করতে হবে এবং আমাদের জয়লাভ করতে হবে।

