বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই ডাকাত সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই ডাকাত সদস্য হলেন, সোনারগাঁয়ের কাজিরগাঁও এলাকার জাকির হোসেনের ছেলে রবিন এবং চেঙ্গাকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে ওমর ফারুক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৬-৭ সদস্যের এক ডাকাতদল (নারায়ণগঞ্জ-থ ১১-৫২২৩) নাম্বারের একটি সিএনজি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় বিভিন্ন পথচারীদের কাছ থেকে টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। পরে ডাকাতদের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় উপস্থিত জনতা।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ জানান, দুই ডাকাত সদস্যদের আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

