বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁও ও রূপগঞ্জ থেকে ডাকাতি করা পন্য উদ্ধারসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার ডাকাতরা হলো- মো. আরিফ হোসেন ওরফে কামাল (২৭), সামাদ (৪০), বেলায়েত হোসেন ওরফে বিল্লাহ (৫৫), নিজাম উদ্দিন ওরফে সোহেল (৩২), আব্দুল বাতেন (৬০), মো. ফারুক (৪০), হাওলাদার (৫৫) ও মো. সাখাওয়াত হোসেন মিলন (৩৩)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা ২টি ট্রাক, ৭৯ ড্রাম ভোজ্য তেল, ২২টি খালি ড্রাম ও ডাকাতি কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। বুধবার সকালে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে সাংবাদিকদেও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (ওসি) মাহমুদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
মাহমুদুল ইসলাম জানান, গত ২০ সেপ্টেম্বর রাতে রূপগঞ্জে ৬০ ড্রাম ও ২৩ সেপ্টেম্বর রাতে সোনারগাঁয়ে ৪৫ ড্রাম ভোজ্য তেল ভর্তি দুটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটে। পরে ডিবি উপ-পরিদর্শক জাহাঙ্গীর ও মফিজুল ইসলাম পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কদমতলী ও যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতারের পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
