বিজয় বার্তা ২৪ ডট কম
শীঘ্রই গঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দলের হাই কমান্ড এ নির্দেশনা দিয়েছে বলে কেন্দ্রের একটি সূত্র জানায়। কমিটি গঠন প্রক্রিয়াকে সামনে রেখে ইতোমধ্যে সম্ভাব্য সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের জন্য শীর্ষ নেতৃবৃন্দ হতে শুরু করে হাই কমান্ড পর্যন্ত অনেকেই দৌড়ঝাপ শুরু করছেন। প্রাপ্ত তথ্যানুযায়ী এবারের নতুন কমিটিতে যে সকল পুরনো এবং নতুন মুখগুলো গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার জন্য গ্রুপিং লবিং চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে জেলা যুবদলের সভাপতি পদে বর্তমান সভাপতি মোশারফ হোসেন,সিনিয়র সহ-সভাপতি আড়াইহাজারের সালাউদ্দিন মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক আশ্রাফুল হক রিপন,সাধারণ সম্পাদক পদে শহীদুল ইসলাম টিটু ও সাদেকুর রহমান সাদেক এবং সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক চয়ন অন্যতম। দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে মোশারফ পজেটিভ কোন ভূমিকা রাখতে না পারায় এক্ষেত্রে সভাপতি পদে সালাউদ্দিন মোল্লা ও আশ্রাফুল হক রিপনের সম্ভাবনা অনেকটা উজ্জল হয়ে উঠেছে। এদের মধ্য থেকেই সভাপতি নির্ধারণ হতে পারে বলেও ওই একই সূত্রের দাবি। সাধারণ সম্পাদক পদে ফতুল্লার শহীদুল ইসলাম টিটু ও আড়াইহাজারের সাদেকুর রহমান সাদেক সমানে সমানে এগিয়ে চলেছেন। তবে সাংগঠনিক সম্পাদক পদে একমাত্র প্রার্থী হিসেবে জিয়াউল হক চয়নের সম্ভাবনা অনেকটা নিশ্চিত প্রায়। অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটিতে সাবেক আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ,মহানগর ছাত্রদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল,সাধারণ সম্পাদক পদে মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন শোখন,মোয়াজ্জেম হোসেন মন্টি ও তৃনমূলের দাবিতে আসা বন্দর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমেদ জোর লবিং চালাচ্ছেন। এদের কেউ কেউ আবার হাইকমান্ডেও জোরালো তদবরি চালাচ্ছেন। পুরনো-নতুনের সমন্বয়ে এবার কমিটি গঠন প্রক্রিয়া শুরু হওয়ার ঘোষণায় শাহিন আহম্মেদ কাংখিত পদে আসীন হতে অনেকটা আশাবাদী। তবে দক্ষতার ঝুলি নিয়ে আসা মনোয়ার হোসেন শোখন এবং মোয়াজ্জেম হোসেন মন্টির মতো নেতাদের টপকে ওই পদে আসীন হওয়া শাহিনের জন্য খুবই দুঃসাধ্য ব্যাপার। তবুও হাল ছাড়তে নারাজ দলের দুর্দিনে হামলা-মামলার শিকার হওয়া উদীয়মান যুবদল নেতা শাহিন আহমেদ।
