বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৪৮ পুলিশ সদস্যের একযোগে বদলি করা হয়েছে।
পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানা গেছে। নবাগত জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম এক অফিস আদেশে এই বদলির নির্দেশ দেন।
জেলা পুলিশ অফিস সূত্র জানায়, ১ জন পরিদর্শক, ২২ জন উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং ২৫ কনস্টেবলসহ ৪৮ জনকে বদলি করেন। এর মধ্যে সোনারগাঁয়ে ১৪, রূপগঞ্জে ১৪, ফতুল্লায় ৭, সিদ্ধিরগঞ্জে ১, সদরে ২, বন্দরে ৩ জন, এবং আড়াইহাজারে ৭জনকে বদলি করা হয়েছে।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার এসপি মোহাম্মদ জায়েদুল আলম বলেন, যেসব থানায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মকর্তা আছেন, তাদের সরিয়ে যেখানে কম আছেন সেখানে পাঠানো হয়েছে। যাদের বদলি করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ একবারের বেশি এক থানায় কাজ করেছেন। তাদেরও বদলি করা হয়েছে। রুটিন ওয়ার্ক হিসেবে তাদের বদলি করা হয়েছে।

