বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিদর্শন করে গেলেন জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইসুমি। গতকাল বুধবার বিকেলে নগর ভবনে রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত।
নাসিকের বিশ্বস্ত একটি সূত্র জানায়, পরিদর্শনকালে জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইসুমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে জাপানি সংস্থা জাইকা’র চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে খোঁজ খবর নেন। এছাড়াও ভবিষ্যতে এখানে (নাসিক) আরো কি কি উন্নয়ন মূলক কর্মকান্ড হাতে নেয় যায়, সে বিষয়েও আলোচনা হয় নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে।
এসময় মেয়র আইভী নারায়ণগঞ্জে বর্জ্য অপসারণ, ইন্ডাষ্ট্রিয়াল আবর্জনায় শীতলক্ষ্যা নদী দূষণ রোধে সহযোগীতা চাইলে এ বিষয়ে সহযোগীতার আশ্বাস দেন রাষ্ট্রদূত।
পরিদর্শনকালে জাপানের রাষ্ট্রদূতের হাতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী আঁকা একটি ছবি তুলে দেন মেয়র আইভী। এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র ও নাসিক (১৩, ১৪, ১৫) নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি প্রমূখ।
